ঢাকা/বগুড়া, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপা ভাইরাসে পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআর বলেছে, জয়পুরহাটের দুটি স্থানে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে মঙ্গলবার পাঁচ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। প্রতিষ্ঠানটির একদল কর্মকর্তা এখন আক্রান্ত এলাকায় কাজ করেছেন।
আইইডিসিআর বলেছে, জয়পুরহাট পৌরসভা ও ক্ষেতলাল উপজেলায় এই ভাইরাসের মানবদেহে সংক্রমণ ঘটেছে।
গত বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাট জেলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছিল। শীতের সময় বাদুড় থেকে খেজুর রসের মাধ্যমে এই ভাইরাসটি মানবদেহে ছড়ায়।
এই বছর মৃত পাঁচ জনের মধ্যে দুজন ক্ষেতলাল উপজেলার এবং অন্য তিন জন জয়পুরহাট পৌর এলাকার। তাদের মৃত্যু হয়েছে বগুড়া জিয়াউর রহমান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
বগুড়ায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিশ্চত হতে শিশুদের রক্তসহ অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে ২১ জানুয়ারি আইইডিসিআর ও আইসিডিডিআর,বির পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল বগুড়া ও রাজশাহী যান।
আইসিডিডিআরবি’র ডা. সাজ্জাদ হোসেনসহ আইইডিসিআর’র ডা. অপূর্ব চক্রবর্তী, ডা. রায়হান এই দলে রয়েছেন।
আক্রান্ত শিশুদের রক্ত, লালা ও প্রস্রাবের নমুনা পরীক্ষার পর নিপা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন তারা।
এর আগে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফজানূর রহমান সাংবাদিকদের জানান, শিশুগুলো নিপা ভাইরাসে মারা গেছে।
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের রোগীর চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে বলেও জানান তিনি।
নিপা ভাইরাস আক্রান্তদের জ্বরসহ মাথা ব্যথা হয়, খিচুনি ও বমি হয়, রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। আর বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়।
সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে- খেঁজুরের কাঁচা রস না খাওয়া, কোনো ধরনের আংশিক ফল না খাওয়া, ফলমূল ভালো করে ধুয়ে খাওয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৩০ ঘ.
bdnews24