২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিযায়ী পাখি বিক্রি, জরিমানা পাঁচশ টাকা

বাগেরহাটে পরিযায়ী পাখি বিক্রির অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে পাঁচশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বাগেরহাট, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে পরিযায়ী পাখি বিক্রির অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে পাঁচশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে আবুল হোসেনকে (৩৭) এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশতানজিদা পারভীন। তিনি বলেন, অসুস্থ অবস্থায় ঠিকমতো কথা বলতে না পারায় এবং ভবিষ্যতে আর এ কাজ না করার প্রতিশ্র“তি দেওয়ায় আবুল হোসেনকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। পাখিগুলো অবমুক্ত করা হয়েছে বলেও তিনি জানান। দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজারে ১৪টি হাঁস (পরিযায়ী) বিক্রির সময় আবুল হোসেনকে এ জরিমানা করা হয়। জরিমানা দিয়ে মুক্তি পেয়ে আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিকারীদের কাছ থেকে কিনে তিনি পাখি বিক্রি করেন। এক জোড়া পাখি (হাঁস) বিক্রি হয় পাঁচ থেকে ছয়শ’ টাকায়। এতে লাভ হয় এক থেকে দেড়শ’ টাকা। অল্প পরিশ্রমে বেশি লাভ হয় বলে শীত মৌসুমে অনেকের মতোই তিনি এ পেশা বেছে নিয়েছেন বলে জানান আবুল হোসেন। তবে তিনি ভবিষ্যতে আর এ কাজ না করার প্রতিশ্র“তি দেন। এদিকে রোববার আরেকটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার দু’টি বাজার থেকে ৩৩টি পরিযায়ী পাখিসহ তিনজনকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাস করে কারাদণ্ড দেন। মেহেদী হাছান বলেন, পরিযায়ী পাখি শিকার ও কেনা-বেচা বন্ধে গত বছর ভ্রাম্যমাণ আদালত জড়িতদের দারিদ্র্য ও অসচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়েছিল। তাই প্রচলিত আইনে কারাদণ্ড প্রদানের চেয়ে জরিমানা আদায়কে প্রাধান্য দেওয়া হয়। “কিন্তু তাতে বাস্তবে ভাল ফল পাওয়া যায়নি। পরিযায়ী পাখি শিকার ও বিক্রি চলছেই,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.