জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেস্তোরাঁয় বসার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাত নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন, সাইফুলের সমর্থক শিব্বির, তরিকুল, নাহার, সোহাগ ও আরিফের সমর্থক কামরুল, কাউসার ও শিপলু।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি রেস্তোরাঁয় বসাকে কেন্দ্র করে ওই দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে দু’পক্ষ ক্যাম্পাসে মহড়া দেয়। এক পর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে সাইফুলের সমর্থকদের উপর চড়াও হয় আরিফের অনুসারীরা। এর কিছুক্ষণ পর সংঘর্ষে উভয়পক্ষের সাত জন আহত হন। এ সময় দুই পক্ষের সমর্থকদের হাতে লাঠি, রড ও ধারালো অস্ত্র দেখা গেছে।
দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে সোহাগ ও নাজমুল যৌথভাবে সংবদিকদের বলেন, জগন্নাথ ছাত্রলীগের ব্যাপারে যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে।
প্রক্টর উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০৪ ঘ.
bdnews24