ঝিনাইদহ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত সাত জন।
পুলিশ জানায়, শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় আলি আকবর ওরফে গোলজার হুজুর (৪৭) এবং কালীগঞ্জ উপজেলায় নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী গৌতম ঘোষ (৩০) নিহত হন।
আলি আকবরের (৪৭) বাড়ি উপজেলার পাঁচপাকিয়া গ্রামে। আর গৌতম ঘোষ রায়গ্রামের বাসিন্দা।
সকাল ৯টার দিকে আলি আকবর মেয়ে রজনীকে (১৭) মটর সাইকেল করে কোচিং সেন্টারে পৌঁছে দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।
হাটফাজিলপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, হাটফাজিলপুর বাজারের চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক মটর সাইকেলটিকে চাপা দিলে আলি আকবর গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পথে আকবর মারা যান। রজনীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, সকালে মটরসাইকেলে কালীগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় দুলালমুন্দিয়া এলাকায় গৌতমকে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন চাপা দেয়।
হাসপাতালে নেওয়ার পথে গৌতম মারা যান বলে জানায় ওসি।
দুর্ঘটনায় নসিমনটি উল্টে ছয় যাত্রী আহত হন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৫৩ ঘ.
bdnews24