ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ জানুয়ারির রাজধানীতে বিএনপির গণমিছিলে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া।
সোমবার রাতে চারদলীয় জোট ও সমমনা ১৬ দলের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই গণমিছিল শুরু হবে দুপুর ৩টায়।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে গণমিছিলের প্রস্তুতি ও চার দলীয় জোট স¤প্রসারণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
গত ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউণ্ড মাঠে চার দলের জনসভা থেকে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ২৯ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে গণমিছিল ও ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, আবদুল্লাহ মোহ্ম্মাদ তাহের, নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান গোলাম মূর্তজা, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, শাহীনুর পাশা চৌধুরী, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, ন্যাপ ভাসানী সভাপতি শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগ মহাসচিব আতিকুল ইসলাম ও কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৫৬ ঘ.
bdnews24