ঝিনাইদহ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলায় শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অগ্নিদগ্ধ গৃহবধূ মাজেদা আক্তারকে (৩০) সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাজেদার সতীন চম্পাকেও (৩৫) খুঁজছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হালিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলিথানি বাজারে শহীদুলের একটি খাবার হোটেল রয়েছে। বছরখানেক আগে দ্বিতীয় স্ত্রী হিসেবে মাজেদাকে বিয়ে করেন তিনি। কিন্তু শুরু থেকেই তাদের মধ্যে অশান্তি চলছিলো।
“রোববার রাতে শহীদুল ও তার প্রথম স্ত্রী চম্পা (৩৫) মাজেদার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কিন্তু যৌতুক দিতে অস্বীকার করায় শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে মাজেদা অভিযোগ করেছেন”, বলেন হালিম মোল্লা।
শহীদুল সোমবার সকালে মাজেদাকে হাসপাতালে ভর্তি করাতে এলে লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে দেয়। তবে চম্পা এ সময় পালিয়ে যান বলে জানান এএসপি।
এ ঘটনায় জেলা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৩৫ ঘ.
bdnews24