২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিল দ্বিগুণের প্রস্তাব

বিদ্যুৎ সমস্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের দাম দ্বিগুণ করার প্রস্তাব করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সমস্যাকে জাতীয় সমস্যা ঘোষণা করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের দাম দ্বিগুণ করার প্রস্তাব করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। আইডিইবি’র জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান এই প্রস্তাব দেন। ‘গণমুখী তথ্যপ্রযুক্তি, বদলে দেবে অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি ঢাকায় এই সম্মেলন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ জানুয়ারি সকাল ১০টায় শের-ই বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে শামসুর রহমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে এর ভূয়সী প্রশংসা করেন। বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার সীমিত হলে বিদ্যুতের সমস্যা কিছুটা হলেও সহনশীল হবে। এক্ষেত্রে শীতাতপ যন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের মূল্য দ্বিগুণ করা হলেও এর ব্যবহার কমে আসবে।” এছাড়া বিদ্যুৎ উৎপাদনের নতুন নতুন কাঁচামালের ব্যবহার, বায়োগ্যাস, বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র এবং সৌর বিদ্যুৎ ব্যবহারে জোর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনের ১৩টি কর্ম-অধিবেশনে জাতীয় প্রেক্ষাপটে তিনটি সেমিনার ছাড়াও কর্মশালা, কারিগরি বক্তৃতা, সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সার্কভুক্ত দেশগুলো ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। আগামী ২৮ জানুয়ারি বিকেল চারটায় আইডিইবি ভবনে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এতে প্রধান অতিথি থাকবেন। ওইদিন সন্ধ্যায় সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের পাঁচজন গুণী ব্যক্তিত্বকে আইডিইবি সম্মাননা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা তুলে দেবেন। কেন্দ্রীয় সভাপতি একেএম আব্দুল হামিদ, সহ-সভাপতি জাফর আহমেদ সাদেক, রফিকুল ইসলাম তাপস, নিহাররঞ্জন মণ্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ও খন্দকার মাইনুর রহমান এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৫ ঘ.