২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ছিনতাই মামলায় কাদেরকে অব্যাহতি

গাড়ি ছিনতাই মামলায় আদালত অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে। এর আগে অস্ত্র ও ডাকাতিচেষ্টার দুটি মামলায়ও তাকে অব্যাহতি দিতে আদালতে পুলিশ আবেদন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ছিনতাই মামলায় আদালত অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে। এর আগে অস্ত্র ও ডাকাতিচেষ্টার দুটি মামলায়ও তাকে অব্যাহতি দিতে আদালতে পুলিশ আবেদন করে। মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় কাদেরকে অব্যাহতি দিয়ে সোমবার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এম এ সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়ার আবেদনসহ গত ১৯ জানুয়ারি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহজাহান এই মামলার প্রতিবেদন দাখিল করেছিলেন। এই মামলায় কাদেরকে গ্রেপ্তার দেখানো হলো এজাহারে তার নাম ছিল না বলে জানিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মিরাশ উদ্দিন। গত বছরের ১৫ জুলাই বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এরপর মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অস্ত্র ও ডাকাতিচেষ্টার অভিযোগে খিলগাঁও থানায় দুটি মামলাও করে পুলিশ। ভুয়া অভিযোগে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সমালোচনার মধ্যে পড়ে পুলিশ। উচ্চ আদালতও কাদেরের বিষয় জানতে চায়। এরপর গত বছরের ২৮ জুলাই হাইকোর্ট খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন এবং একজন উপপরিদর্শক এবং সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্তের জন্য পুলিশের প্রতি নির্দেশ দেয়। খিলগাঁও থানার দুই মামলায় কয়েকদিন আগে কাদেরকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন পাঠিয়েছে পুলিশ। আগামী ২৬ জানুয়ারি ওই আবেদনের শুনানি হবে বলে আদালত কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/পিবি/এমআই/১৫৫২ ঘ.