২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসচাপায় ব্যবসায়ী নিহত, বাসে আগুন

টাঙ্গাইলে বাসচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

টাঙ্গাইল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে বাসচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। রোববার দুপুরে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কে যান চলাচল একঘণ্টার জন্য বন্ধ ছিলো বলে পুলিশ জানিয়েছে। নিহত অক্ষয় সরকার (৪০) একজন পোল্ট্রি ব্যবসায়ী। তিনি তারুটিয়া বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ। সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামে তার বাড়ি। সদর থানার ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে ভাতকুড়া এলাকায় একটি বাস অক্ষয়ের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে উত্তেজিত জনতা বাসটি আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। বিকেল ৩টার দিকে পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে রাস্তা থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে কাগমারী থানার আলোয়াভবানী এলাকায় একটি সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়। এ সময় আহত হয় আরো তিন জন। কাগমারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেব জানান, খালেকের (৩৫) বাড়ি বগুড়ার চকজোড়া গ্রামে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮১৭ ঘ.