২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় যৌতুকবিহীন শতাধিক বিয়ে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে টঙ্গী শহর এবং ইজতেমার মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জিকির ও বয়ানের মধ্যদিয়ে চলে তাবলিগ জামায়াতের এই বিশ্ব সম্মেলনের কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাজীপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে টঙ্গী শহর এবং ইজতেমার মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জিকির ও বয়ানের মধ্যদিয়ে চলে তাবলিগ জামায়াতের এই বিশ্ব সম্মেলনের কার্যক্রম। শনিবার বিকেলে আসরের নামাজের পর যৌতুকবিহীন শতাধিক বিয়ে হয় ইজতেমা মাঠে। কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার ভোরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে জুমার নামাজ পড়েন লাখো মুসর্লিল। রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তাবলিগ জামাতের এই বার্ষিক সম্মেলন শেষ হবে। ইজতেমায় অংশ নিতে ৩২টি জেলা থেকে মুসল্লিরা বৃহস্পতিবার রাত থেকেই ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন। তাদের সঙ্গে ছিলেন তাবলিগ জামাতের বিদেশি সদস্যরাও। শনিবারও বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন বাহনে করে হাজার হাজার মানুষ টঙ্গীতে আসেন ইজতেমায় যোগ দিতে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত টঙ্গী অভিমুখে মানুষের এই ঢল চলবে। তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিকেলে ইজতেমা মাঠে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে- এজন্য শনিবার সকাল থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেন। কনের সম্মতিতে বর ও উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে হয় এই বিয়ে। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুবায়রুল হাসান। আনুষ্ঠানিকতা শেষে বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনায় করা হয়। মঞ্চের আশ-পাশের মুসুল্লিদের বিতরণ করা হয় খোরমা-খেঁজুর। রোবাবার ইজতেমা মাঠের বিদেশি নিবাসের পূর্ব পাশে মঞ্চ থেকে দুপুরে শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে হবে হেদায়তি বয়ান। এক মুসল্লির মৃত্যু ইজতেমার দ্বিতীয় দফর প্রথম প্রহরে হৃদরোগে এক মুসল্লির মৃত্যু হয়। মো. আফজাল হোসেন (৭৫) নামের এই ব্যক্তির বাড়ি সুনামগঞ্জে। ইজতেমা ময়দানে জুমার পর তার জানাজা হয়। এছাড়া অ্যাজমা, পেটের পীড়া ও হৃদরোগ নিয়ে প্রায় ২০ মুসল্লি চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছেন বলে জানান কর্মরত আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন সিরাজী। নিরাপত্তা আগের মতো দ্বিতীয় পর্বেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বসানো হয় কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার। র‌্যাব সদস্যরা টাওয়ার থেকে ইজতেমাস্থল পর্যবেক্ষণ করছেন। হেলিকপ্টার ও তুরাগ নদীতে স্পিড বোট ব্যবহার করেও টহলের ব্যবস্থা করা হয়েছে। মাঠের প্রবেশ পথে ও আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকধারী পুলিশসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা কড়া নজরদারি করছেন। প্রতিটি গেট ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা ও ভিডিও ক্যামেরা বসানো হয়। র‌্যাব ছাড়াও পুলিশ ও জেলা প্রশাসন এবং টঙ্গী পৌরসভার উদ্যোগে ইজতেমা এলাকায় পৃথক কন্ট্রোল রুম স্থাপন করা হয়। মাঠে প্রবেশকারীদের মধ্যে সন্দেহভাজনদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। বিদেশি মুসল্লিদের জন্য মাঠের উত্তর-পশ্চিম কোণে টিনের বেড়া ও চাল দিয়ে সুরক্ষিত ক্যাম্প নির্মাণ এবং তাতে পানি, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ দেওয়া হয়। ইজতেমাস্থলে সার্বক্ষণিক পানি ও বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ওয়াপদা, ওয়াসা ও বিদ্যুৎ কর্তৃপক্ষ বেশ কয়েকটি জেনারেটর চালু করেছে। ইজতেমা চলাকালে মুসল্লিদের অজু, গোসল, রান্না-বান্না ও টয়লেটের জন্য বেশ কয়েকটি পাম্পের মাধ্যমে সার্বক্ষণিক পানি সরবরাহের পাশাপাশি ট্যাঙ্কার ও ট্রলির মাধ্যমে প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানির সরবরাহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/সিএস/পিডি/২১৪৬ ঘ.