বগুড়া/জয়পুরহাট, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপা ভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে বগুড়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, জয়পুরহাটের ওই শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জয়পুরহাট জেলা শহরের সাত বছরের ওই শিশুটি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এ হাসপাতালের শিশু বিভাগে কর্মরত অনারারি মেডিকেল কর্মকর্তা ডা. রিতা ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ জানুয়ারি শিশুটি হাসপাতালে ভর্তির পর থেকেই তার খিচুনি, বমি হচ্ছিল। শিশুটি জ্ঞানও হারাচ্ছিল।
নিপা ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দেখা যায় বলে চিকিৎসকরা বলে থাকেন।
শিশুটির পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানিয়েছে, খেজুরের রস খাওয়ার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়ে।
দেশে সাধারণত বাদুরের মাধ্যমে খেজুরের রস থেকে নিপা ভাইরাস মানুষের মধ্যে ছড়ায়। গত বছর এই ভাইরাসটি ছড়িয়ে পড়লে উত্তরাঞ্চলে বেশ কয়েকজনের মৃত্যুও ঘটে।
ওই শিশুটির মৃত্যুর বিষয়ে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, “সে ইনক্যাফালাইটিস রোগে আক্রান্ত ছিল। যে কোনো ভাইরাস থেকে এ রোগ হতে পারে।”
“শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। পরীক্ষা ছাড়া সরাসরি কেউ নিপা ভাইরাসের কথা বললে তা দায়িত্বহীনতার পরিচয় হবে,” বলেন তিনি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। আর বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়।
সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২৩২৩ ঘ.
bdnews24