কক্সবাজার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষের ছুরিকাঘাতে কক্সবাজারে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার কাছে হামলায় গুরুতর আহত হন কক্সবাজারে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন (২৬)।
জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। আলাউদ্দিন কক্সবাজার শহরের পশ্চিম পাহাড়তলীর আবুল কাশেম ওরফে ঘাইট্যার ছেলে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এরা হলেন একই এলাকার মিয়ানমারের নাগরিক (আহত) ওমর মিয়া ওরফে বর্মী ওমর ও তার স্ত্রী রহিমা খাতুন। আরেকজনের নাম জানা যায়নি।
আহতরা কোথায় চিকিৎসা নিচ্ছে তা জানা যায়নি। তারা গ্রেপ্তার এড়ানোর ভয়ে গোপনে তারা চিকিৎসা নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক মনোজ কুমার দে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়তলী এলাকায় মোবাইল ফোন সেট ছিনতাইয়ের একটি ঘটনায় ঘটনা ঘটে। বুধবার রাতে ওই ঘটনার সমঝোতা বৈঠক থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন আলাউদ্দিনের উপর হামলা চালায়।
এ সময় আলাউদ্দিনের লোকজনও বাধা দিলে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
আলাউদ্দিনের হাত, কোমর, পিট ও পায়ে মারাত্মক জখম হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
তিনি বলেন, “আলাউদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।”
থানার উপ-পরিদর্শক প্রভাত বড়–য়া বলেন, দু’পক্ষেরই বেশ কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। তবে কতজন তা তিনি নিশ্চিত করা যায়নি।
পুলিশ কর্মকর্তা বলেন, নিহত আলাউদ্দিনের তিনভাইও তালিকাভুক্ত সন্ত্রাসী।
এরা হলেন সালাহউদ্দিন (২৮), সফিকুর রহমান (৩২) ও জসিম উদ্দিন (২২)। এরমধ্যে সালাহউদ্দিন হলেন শীর্ষ সন্ত্রাসী। বর্তমান তিনি কক্সবাজার জেলা কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৩ ঘ.
bdnews24