ঝিনাইদহ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে ট্রাকে গণ-ডাকাতির প্রতিবাদে ঝিনাইদহে ছয়ঘণ্টা সড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা।
বুধবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার হাইওয়ে থানার সামনে এ অবরোধ হয়।
এ সময় রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পরে হাইওয়ে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট ইব্রাহিম হোসেন ঘটনাস্থলে গিয়ে বারোবাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার ও অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলে অবরোধ তুলে নেয়।
অবরোধে অংশ নেওয়া ট্রাক চালক জাফর আলি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মহাসকে গাছ ফেলে পরপর ২৫টি ট্রাকে ডাকাতি করে। এসময় ডাকাতের হামলায় পাঁচজন ট্রাক চালক আহত হয়।
তিনি অভিযোগ করেন, হাইওয়ে থানা থেকে মাত্র ২শ’ গজ দূরে এ ডাকাতি চলাকালে পুলিশকে খবর দিয়েও কোনো সহায়তা পাওয়া যায়নি।
স্থানীয় জনগণ ও মোটর শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। জনতা হাইওয়ে থানার ওসিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে শ্লোগান দিতে থাকে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান আরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতা ও শ্রমিক উদ্দেশে বলেন, “বারোবাজার হাইওয়ে থানার পুলিশ দুর্নীতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হাইওয়ে পুলিশের পশ্চিম জোনের (বগুড়া) অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বলেন, বারোবাজার হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামানকে ক্লোজ করা হয়েছে।
এছাড়া টহল দলের সদস্য কনস্টেবল বলাই চন্দ্র, আব্দুস সবুর, আব্দুস সালাম ও চালক রুস্তম আলির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24