বরিশাল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরী ও উজিরপুর উপজেলা থেকে হিযবুত তাওহীদের সাত সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে র্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তাদের কাছ থেকে বেশকিছু দাজ্জাল বই, দাজ্জাল ভিডিও সিডি, হিযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, জেহাদ লেখা চটি বই, লিফলেট ও স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আটকরা হলেন- উজিরপুর উপজেলার গাজীরপাড়ের আ. রব মিস্ত্রি (৫২), নরসিংহার শফিকুল ইসলাম (২২), মালিকান্দার জহুরুল ইসলাম টুকু (২৩), চাওলাহারের হানিফ হাওলাদার (৫৫), নগরীর রুপাতলী গাওছিয়া সড়কের তিন ভাইবোন মো. আলামিন মল্লিক (২৪), মো. সুমন মল্লিক (২২) ও মোছা. খুশী আক্তার (২৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টায় উজিরপুরের চৌধুরীহাট বাজার থেকে হিযবুত তাওহীদের চার সদস্যসহ ৬টি দাজ্জাল বই, ১৮টি দাজ্জাল ভিডিও সিডি, ৯টি হিযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, ১০টি জেহাদ লেখা চটি বই, ২৩টি লিফলেট ও ২টি স্কুল ব্যাগ উদ্ধার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৮টায় নগরীর রুপাতলী গাওছিয়া সড়কে একটি বাড়ি থেকে তিন ভাইবোনকে আটক করে র্যাবের আরেকটি দল।
তাদের কাছ থেকে ৩টি দাজ্জাল বই, ৪৫টি দাজ্জাল ভিডিও সিডি, ৯৫টি হিজবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, ১২৫টি জেহাদ লেখা চটি বই, হিযবুত তওহীদের অন্যান্য চটি বই ১৩৭টি, হিযবুত তওহীদের ক্যালেন্ডার ২০টি, অন্যান্য ৩০০টি লিফলেট উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.
bdnews24