২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ‘তালা’র পর কর্মবিরতি কর্মসূচি শিক্ষকদের

চাকরি সরকারিকরণের দাবিতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার ও সোমবার তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। একই দাবিতে মঙ্গলবার থেকে তিন দিনের কর্মবিরতি পালন করবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারিকরণের দাবিতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার ও সোমবার তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। একই দাবিতে মঙ্গলবার থেকে তিন দিনের কর্মবিরতি পালন করবেন তারা। জাতীয় (রেজি) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যনারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ (সামসুল-মৃগেন), বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (নাসির-বাচ্চু), বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (এনায়েত-সালাম) ও বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (হাফিজ-মাহবুব)- এই চারটি সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে চাকরি সরকারিকরণের দাবিতে এই আন্দোলন চালিয়ে আসছে। ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের দুই দিনের কর্মসূচিতে ৯৫ শতাংশ বিদ্যালয়ে তালা ঝুলেছে। তিনি বলেন, ১৭ থেকে ১৯ জানুয়ারি বিদ্যালয় খোলা থাকলেও কোনো ক্লাস-পরীক্ষা হবে না। তবে ছাত্র-ছাত্রীদের বই বিতরণ করা হবে। আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্র“য়ারি সব সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান, আগামী ১৪ মার্চ জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি প্রদান এবং ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার কর্মসূচিও রয়েছে বেসরকারি শিক্ষকদের। আগামী বাজেটে শিক্ষকদের চাকরি সরকারিকরণের জন্য অর্থ বরাদ্দ না দেওয়া হলে বাজেট ঘোষণার পরদিন থেকে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে বলেও জানান সামসুল। চাকরি সরকারিকরণের দাবিতে ২১ থেকে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক। শিক্ষক নেতারা জানান, বর্তমানে সারাদেশ ২৪ হাজারের মতো বেসরকারি প্রাথমিক রেজিস্ট্রার্ড বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন প্রায় এক লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২১০ ঘ.