নাটোর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারে পাঁচ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে লাটুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান বাবু (৬৫), তার স্ত্রী শিখা বেগম (৫৫), মা খাতিমুন নেছা (৮২) ছোট বোন বিউটি বেগম (৩৮) এবং ভাই আসাদুজ্জামান সাবু (৪২)।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র শিশু তিথিলাকে (৯) বনগ্রামের আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিথিলা হাসপাতালে সাংবাদিকদের জানান, চেয়ারম্যানের স্ত্রীর চিকিৎসার জন্য তারা রংপুর থেকে সপরিবারে ঢাকা যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এটি রাস্তার পাশের গাছে গিয়ে সজোরে আছড়ে পড়ে।
সঙ্গে সঙ্গেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। তিথিলা জানালা দিয়ে বের হতে পারলেও পরিবারের অন্য কেউ মাইক্রোবাস থেকে বের হতে পারেননি।
ইউপি চেয়ারম্যানের ভাতিজা রনি হোসেন সাংবাদিকদের জানান, কুষ্টিয়াতে তাদের বাড়ি হলেও চেয়ারম্যান হাসানুজ্জামান তামাকের ব্যবসার কারণে রংপুর শহরের কারমাইকেল কলেজ রোডে বসবাস করতেন।
মহাসড়ক পুলিশের বনপাড়া থানার ওসি দ্বীন-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ট্রাকটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯০০ ঘ.
bdnews24