২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের পুরনো মালামাল নিলামে তোলার সুপারিশ

পাঁচ বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মালামাল ছয় মাসের মধ্যে নিলামে তুলতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মালামাল ছয় মাসের মধ্যে নিলামে তুলতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ৫৭তম বৈঠকে এ সুপারিশের পাশাপাশি বন্দরগুলোর অটোমেশন কার্যক্রম জোরদারের তাগাদা দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শেডে পাঁচ বছরের বেশি সময় জমে থাকা মালামালের নিয়ন্ত্রণ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এখতিয়ারভুক্ত। তাই জনস্বার্থে এসব মালামাল ছয় মাসের মধ্যে নিলাম অথবা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পন্ন করতে এনবিআরকে সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন বন্দরগুলোর আধুনিকায়ন, অটোমেশন কার্যক্রম চালু ও মোটিভেশন কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়। অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীতে চলমান পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালু রাখা ও এসব স্থান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নিতে বলা হয়। সংসদীয় কমিটি ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চিহ্নিত ১৩৮টি মুখ দিয়ে বুড়িগঙ্গা নদীতে বর্জ্য নির্গমণের পথ বন্ধ করে অন্যত্র বর্জ্য নির্গমণের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের ৩০ হাজার কিলোমিটার নৌ পথ সাড়ে তিন হাজার কিলোমিটারে নেমে আসায় নদী পথে নৌ-চলাচল নির্বিঘœ করার লক্ষ্যে নদীগুলোতে সারা বছর ক্যাপিটাল ড্রেজিং কার্যক্রম ও মেইটেন্যান্স ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার জন্যও মন্ত্রণালয়কে বলা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা। কমিটির সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, বীরেন শিকদার, এস কে আবু বাকের, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/আরএ/১৯৩৫ ঘ.