জামালপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
সোমবার কারখানায় গেলেও শ্রমিক-কর্মচারীরা কোনো কাজ করেননি।
কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।
এদিকে দাবি পূরণে কারখানার প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি প্রমুখ।
শ্রমিক নেতা মতিউর জানান, তাদের দাবি সরকার মেনে না নিলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬২১ ঘ.
bdnews24