২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে এ মাসেই ইসির সংস্কার প্রস্তাব

সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনার নিয়োগ এবং আইনি সীমাবদ্ধতা দূর করতে এ সংক্রান্ত আইনের খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবে বিদায়ী নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনার নিয়োগ এবং আইনি সীমাবদ্ধতা দূর করতে এ সংক্রান্ত আইনের খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবে বিদায়ী নির্বাচন কমিশন। চলতি মাসেই এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব জমা দেওয়া হবে বলে রোববার সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি বলেন, “পাঁচটি বিষয়ে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে সংলাপ করেছিলাম। এর মধ্যে চারটি বিষয়ে আইনি সংস্কার ও নতুন আইন প্রণয়নের সুপারিশ রেখে সরকার প্রধানের কাছে আমাদের চূড়ান্ত প্রস্তাব তুলে ধরবো।” খসড়ায় গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংস্কার, সীমানা নির্ধারণ আইন ও বিধিমালা এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনের প্রস্তাব থাকবে বলে জানান তিনি। তবে রাজনৈতিক ঐকমত্য না হওয়ায় প্রস্তাবিত ‘নির্বাচনী প্রচারণা (জনতহবিল)’ আইনের খসড়া সরকারের কাছে দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন ছহুল। তিনি বলেন, “দলগুলোর অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে কোনো কাঠামো তৈরি না হওয়ায় জনতহবিল আইনের খসড়া প্রস্তাব থেকে বাদ পড়ছে। আরো আলোচনা করে রূপরেখা পেলে সরকারকে প্রস্তাব দেওয়ার সুযোগ পাবে আগামী কমিশন।” এজন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের মাঝামাঝি। নির্বাচন কমিশনার ছহুল বলেন, “শক্তিশালী ইসি গঠনে এসব সংস্কার হওয়া উচিত বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী যখনই সময় দেবেন তার সঙ্গে দেখা করে প্রস্তাবগুলো তুলে ধরবো।” ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংস্কার, সিইসি ও ইসি নিয়োগ পদ্ধতি, নির্বাচনী প্রচারের ব্যয় (জনতহবিল) আইন এবং সীমানা নির্ধারণ আইন ও বিধিমালা প্রণয়ন নিয়ে গত ৭ জুন থেকে ৭ অগাস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে কমিশন। প্রধান বিরোধী দল বিএনপি সংলাপে না গেলেও আইন সংস্কারের বিরোধিতা করে। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এখন পর্যন্ত তারা তা করেনি। খসড়ায় যা আছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে প্রধান নির্বাচন কমিশনারসহ সর্বোচ্চ পাঁচ সদস্যের ইসি গঠনের কথা বলা হয়। একজন নারীসহ ইসি গঠনের বিধান করতে বলছে বর্তমান কমিশন। এ নিয়ে সংবিধানের আলোকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন-২০১২’ নামে একটি খসড়া তৈরি করেছে ইসি। তাতে বলা হয়েছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্ভাব্যদের একটি প্যানেল তৈরি করবে সার্চ কমিটি। প্রস্তাবিত খসড়ায় বলা হয়, “একজন নারী নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের ইসি গঠনে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। এ কমিটিতে বিদায়ী সিইসি আহ্বায়ক, প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান থাকবেন।” তবে নতুন সিইসি নির্বাচনের জন্য এ কমিটির জ্যেষ্ঠ সদস্য অনুসন্ধান কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ওই কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিটি পদের বিপরীতে তিন জনের নাম প্রস্তাব করবে। পরে সংসদের কার্যউপদেষ্টা কমিটি (সরকার ও বিরোধী দলের সমন্বয়ে) তা পরীক্ষা করে বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে। বর্তমান কমিশন এর আগে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছেও সিইসি ও ইসি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ করার প্রস্তাব পাঠালে তাতে কোনো অগ্রগতি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২২০২ ঘ.