২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১ কর্মচারীর নিয়োগ স্থগিত

অস্থায়ী ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়োগ পাওয়া ২১ কর্মচারীর নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থায়ী ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়োগ পাওয়া ২১ কর্মচারীর নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই স্থগিতাদেশ দেয়। আদালত একইসঙ্গে বিধি বহির্ভূতভাবে অস্থায়ী নিয়োগ দিয়ে ওই কর্মচারীদেরকে কাজ করার অনুমতি এবং পরবর্তীতে তাদের চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে। ১৫ দিনের মধ্যে শিক্ষা সচিব, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সেক্রেটারিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০০৯ সালের ১৯ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞপ্তি ছাড়াই ২৩ কর্মচারী নিয়োগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে গত রোববার ব্যারিস্টার মুহাম্মাদ তানভীর হাশেম মুনিম ‘জনস্বার্থে’ হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাসিম ইসলাম রাজু। রিট আবেদনকারী তাকে সহায়তা করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। পরে মুহাম্মাদ তানভীর হাশেম মুনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের স্থগিতাদেশের ফলে ওই ২১ কর্মচারী এখন থেকে কাজে আসতে পারবেন না। “নিয়োগের সময় প্রাথমিকভাবে তাদের সংখ্যা ২৩জন ছিলো। প্রতিবেদনে সেভাবেই এসেছে। কিন্তু পরবর্তীতে ২ জন বাদ পড়ে যায়। ফলে অস্থায়ী নিয়োগকৃতদের সংখ্যাটি প্রকৃতপক্ষে ২১ হবে। আদালত সেভাবেই আদেশ দিয়েছে”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯২৯ ঘ.