ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদরের একটি ইউনিয়নে নিজস্ব নিয়ম কানুনে আদালত বসানোর ঘটনায় আরো পাঁচ জনকে তলব করেছে হাইকোর্ট।
তারা হলেন- চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাকারী কল্পনা বেগমের স্বামী আব্দুস সাত্তার, চার গ্রাম পুলিশ হায়দার আলী, সুকচরণ, মানিক চান ও মতিলাল।
এই ঘটনায় চেয়ারম্যান গোলাম সাদেক ওরফে লেবু বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে হাজির হয়েছিলেন। তবে আগামী ১৯ জানুয়ারি পাঁচ জনের সঙ্গে তাকে আবার আসতে হবে।
একই সঙ্গে দৈনিক প্রথম আলোর শাহাবুল শাহীনকেও আসতে বলেছে আদালত।
দৈনিক পত্রিকাটির একটি প্রতিবেদন দেখে গত ৯ জানুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে ‘গাইবান্ধা সদরের একটি ইউনিয়নে নিজস্ব নিয়ম কানুনে আদালত বসানো চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং ওই চেয়ারম্যানের বিচারিক কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।
গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ‘আদালত’ বসানো ইউপি চেয়ারম্যান সাদেককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, গিদারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেক প্রতি শনিবার ‘আদালত’ বসান। ওই আদালতে বিচার চাইতে হলে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হয়। বিচারের দিন হাজির না হলে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। বাদি-বিবাদি দুই পক্ষকে টাকা দিয়ে ওই ‘আদালতে’ আইনজীবী নিয়োগ করতে হয়।
চেয়ারম্যান তার আদালতে আট মাসের অন্তঃসত্ত্বা কল্পনাকে যেতে বাধ্য করেন বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া শাস্তি হিসেবে কয়েকজন গ্রামপুলিশকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখেন বলে এতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬২৭ ঘ.
bdnews24