ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে তার পরিবার।
জুবায়েরের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই প্রশাসনকে বিশ্বাস করতে পারছে না। আমি শুনেছি আশুলিয়া থানাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভাবিত। তাদের তদন্ত যে নিরপেক্ষ হবে- তা বলা যাচ্ছে না।
“এ অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশি তদন্তের ওপরে আস্থা রাখতে পারছি না। আমরা পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি”, বলেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির এই প্রভাষক।
গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তিন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় জড়িত সন্দেহে তাদের একজনকে আটকও করেছে পুলিশ।
এ দিকে ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
দোষীদের রাষ্ট্রীয় আইনে বিচার, দায়িত্বে অবহেলার কারণে প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগসহ ৪ দফা দাবিতে ক্লাশ বর্জন করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন।
মামুন বলেন, “যারা জুবায়েরকে আঘাত করেছে শুধু তারাই দোষী নয়, বরং যারা এর পরিকল্পনাকারী এবং সহযোগিতা করেছে তারাও সমান দোষী। এদের সবার শাস্তি হতে হবে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।”
দেশবাসীর কাছে জুবায়েরর জন্য দোয়া চেয়ে মামুন বলেন, “আমার ভাই একজন সাধারণ ছাত্র ছিলো। শুধু পরিবার নয়, পুরো দেশ তার জন্য কাঁদছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।”
পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মামলা করেছে। জুবায়েরের ব্যাপারে পারিবারিক আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের পক্ষ থেকেও একটি মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১১৪০ ঘ.
bdnews24