২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবনে আগুন, ৫ জনের মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাড়িতে আগুন লেগে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 03:36 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাড়িতে আগুন লেগে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১ নম্বর রোডের ‘এ’ ব্লকে চারতলা একটি ভবনে আগুন লাগে। নিহতরা হলেন, ব্যাংকার জাবের মো. ইকবাল (৩২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী তামান্না সিদ্দিকী (২৫), ভাগ্নে শাওন (৮), ভাই মোদাচ্ছের (২০) ও গৃহকর্মী রুমি। তাদের সবার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারভেজ মোল্লার মালিকানাধীন ওই ভবনের নিচতলায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে তা পাশের বিউটি পার্লার এবং গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভবনের সিড়ির পাশে গ্যারেজে থাকা মাইক্রোবাসে আগুন লাগে। মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরো ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মান্নান বলেন, “আগুন লাগার পর দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দারা ভবনের কার্নিশ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও চতুর্থ তলার সবাই বের হতে পারেননি। ধোঁয়ায় দম বন্ধ হয়েই তাদের মৃত্যু হয়।” তিনি জানান, আগুনের বিষয়টি বুঝতে না পেরে চতুর্থ তলার বাসিন্দারা ঘর থেকে বের হয়েই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ওই ঘরের দুই বাসিন্দা ভবনের কার্নিশ দিয়ে বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকা পড়েন। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০৯৩০ ঘ.