ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ডা. এম এম ইয়াতিমুল হক শুভ্র হত্যা মামলার বিচার ভিন্ন আদালতে নতুন করে শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি স্বতঃপ্রণোদিত আদেশের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এএইচএম শামস্ুিদ্দন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
আদালতের বাইরে বাদী ও বিবাদীর মধ্যে মীমাংসা হওয়ার পর বগুড়ার জেলা ও দায়রা জজ গত বছর জুন মাসে এ হত্যা মামলাটি খারিজ করে দিয়েছিলো।
হাইকোর্ট বেঞ্চের আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত শুভ্র হত্যা মামলায় ‘ডেনোভা ট্রায়াল’-এর নির্দেশ দিয়েছে।
“আদালতের এই আদেশের ফলে সাক্ষ্য গ্রহণ থেকে আবার মামলাটির বিচার শুরু করতে হবে। তবে হাইকোর্টের আদেশ অনুযায়ী মামলাটির কার্যক্রম পূর্বের আদালতে না চালিয়ে অন্য কোনো আদালতে চালাতে হবে।”
আলতাফ হোসেন বলেন, আদালতের এই নির্দেশের ফলে পুলিশকে আসামি গ্রেপ্তারে তৎপর হতে হবে। গ্রেপ্তার এড়াতে হলে আসামিদের নতুন করে জামিন নিতে হবে।
ডা. এম এম ইয়াতিমুল হক শুভ্র ২০০৭ সালের ২৯ ডিসেম্বর বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর টুপিপাড়া এলাকায় তার প্রথম স্ত্রী জুলেখা খাতুনের বাড়িতে খুন হন। এরপর তার দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগম কাহালু থানায় জুলেখাসহ ১১জনকে আসামি করে একটি মামলা করেন।
পুলিশ ওই মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। কিন্তু জুলেখা মামলার সাক্ষীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।
গত জুন মাসে দৈনিক ডেসটিনিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, শুভ্রর দুই স্ত্রী পরে আদালতের বাইরে সমঝোতায় আসলে শুনানির দিন জেলা ও দায়রা জজ মামলাটি খারিজ করে দেন।
প্রতিবেদনে বলা হয়, “সমঝোতার কারণে শুভ্র হত্যা মামলার চার্জশিটভুক্ত পাঁচ ঘাতক পার পেয়ে গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর রহস্যজনক ভূমিকায় শুনানির দিন হত্যা মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে।”
এ প্রতিবেদন নজরে আসলে হাইকোর্ট গত ১৫ জুন স্বতঃপ্রণোদিত এক আদেশে বগুড়ার জেলা ও দায়রা জজ এবং ওই কোর্টের পাবলিক প্রসিকিউটরকে তলব করে। এছাড়া জেলা ও দায়রা জজ মফিজুল ইসলামের বিষয়ে তদন্ত করতে আইন সচিবকে নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোদা বখশ তালুকদার ও খায়রুল বাশারকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেয় হাইকোর্ট।
এবিএম আলতাফ বলেন, “বগুড়ার ওই বিচারকের বিরুদ্ধে তদন্ত হয়েছে। তদন্ত শেষে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে এর মধ্যে এক মাসের জন্য তাকে বিচারিক কার্যক্রমের বাইরে রাখা হয়। এছাড়া ওই তিন আইন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।”
এ সব বিষয় জানানোর পর হাইকোর্ট বেঞ্চ বুধবার নতুন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২০১৩ ঘ.
bdnews24