ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তায় নির্মাণ সামগ্রী ও বর্জ্য রেখে চলাচলে বিঘœ ঘটালে জরিমানার বিধান রেখে নীতিমালা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. রহমত আলী বৈঠকে সভাপতিত্ব করেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে ব্যক্তি/বাণিজ্যিক ভবনের নির্মাণ সামগ্রী ও অন্যান্য বর্জ্য রাস্তায় রাখার মাধ্যমে যারা যানজট তৈরিতে সহায়তা করে, ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে, জনগণের চলাচলে বিঘœ ঘটায়, তাদের বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য শাস্তি প্রদানের বিধান রেখে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।”
খাদ্যদ্রব্যসহ অন্যান্য দ্রব্য সামগ্রীতে ভেজাল মিশানো রোধকল্পে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে ভেজাল বিরোধী অভিযান চালানোরও পরামর্শ দিয়েছে কমিটি।
কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. আশরাফ আলী খান খসরু এবং আশরাফুন নেছা মোশারফ বৈঠকে অংশ গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭৫৪ ঘ.
bdnews24