২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় জোড়া খুন: ৮ জনের যাবজ্জীবন

জোড়া খুনের মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নেত্রকোনা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোড়া খুনের মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো চার বছর করে কারাভোগ করতে হবে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন। দণ্ডিতরা হলেন- কলমাকান্দা উপজেলা সদরের মনতলা গ্রামের বাসিন্দা মৌলা মিয়া, শাহান, শফিকুল, অনুকুল, জয়ধন, এরশাদ, বাচ্চু ও জজ মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী আযম খান সাংবাদিকদের বলেন, আটজনকে সাজা দিয়েছে আদালত। এছাড়া ১৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপিস্থত ছিলেন বলে জানান এই আইনজীবী। মামলার বরাত দিয়ে আইনজীবী আরো বলেন, মনতলা গ্রামের বাসিন্দা সামছুদ্দিনের গরু হারানোর ঘটনাকে কেন্দ্র করে ২০০৪ সালের ২ এপ্রিল মনতলা বাসস্ট্যান্ডে সালিশ বসে। সালিসে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সামছুদ্দিনের ছেলে আলমাছ ও চাচাত ভাই হোসেন আলীকে কুপিয়ে হত্যা করে। সামছুদ্দিন ওইদিনই কলমাকান্দা থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১৫ ঘ.