২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলা টিআইবি কর্মকর্তাদের অব্যাহতি

মানহানির আরো এক মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খানসহ তিনজনকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির আরো এক মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খানসহ তিনজনকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্য্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন তাদের অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়া অপর দুজন হলেন- টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলম। চট্টগ্রামে দায়ের অপর একটি মানহানি মামলা থেকে রোববার এই তিন জন অব্যাহতি পায়। সেবা খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে ২০১০ সালের ২৩ ডিসেম্বর খানা (পরিবার) জরিপের ফলাফল জানায় টিআইবি। এতে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগে দুর্নীতি বেশি হয়। ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। বিচার বিভাগ ও আইনজীবীদের সম্মান ক্ষুণœ হয়েছে- এই অভিযোগে একই বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আইনজীবী মো. মুজিবুল হক একটি মামলা করেন। একই দিন আরেকটি মামলা করেন অপর এক আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী আখতার কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি না থাকায় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের মামলা থেকে অব্যাহতি দেন। এসময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/আরএ/১৫২৫ ঘ.