পটুয়াখালী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় নিহত জুবায়ের আহমেদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়া পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে মাদিনাবাগ এলাকার তাদের বাড়ি এবং এতিমখানা জামে মসজিদ মাঠে দুটি জানাজা হয়।
কলাপাড়ার রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
রোববার ছাত্রলীগ কর্মীদের হামলায় ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়।
সোমবার রাত পৌনে ১১টায় জুবায়েরের মরদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে জুবায়েরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সকাল ১১টায় স্থানীয় সুশীল সমাজ কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
জুবায়েরের বাবা তোফায়েল আহম্মেদ, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/সিএস/১০২০ ঘ.
bdnews24