ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বিজয়ের ২৬ দিনের মাথায় ১৯৭২ সালের এ দিন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর হামলা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। শুরু হয় মুক্তিযুদ্ধ।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই নয় মাস বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দি রাখা হয়।
মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ¡ জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে পালন করে থাকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে। দিবসটি পালনে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ংকর অধ্যায় পার হয়ে সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এ দিনে মহান নেতার প্রত্যাবর্তন, সব স্তরের জনগণকেই সীমাহীন আনন্দে উদ্বেলিত করে।”
“আমরা যতদিন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থাকব, ততদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে।”
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনের পর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশগুলো অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।”
দিবসটি পালনে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে সংগঠনের সব শাখাকে দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/জেকে/০৮৩০ ঘ.
bdnews24