ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেতের কাছে বোয়ালিয়া খাল ভরাটের কার্যক্রম কেন বেআইনি হবে না এবং তা বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী ১০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লি. চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে।
‘বোয়ালিয়া খাল ভরাট করে আবাসন প্রকল্প!’ শিরোনামে গত ৮ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে।
আলতাফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিন মাসের জন্য প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৪৮ ঘ.
bdnews24