ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাড়তি ফি আদায়কারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
দুটি বেসরকারি সংস্থার করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এই রুল জারি করেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা কার্যকরে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, নীতিমালা কার্যকরে কেন নির্দেশ দেওয়া হবে না এবং অর্থ আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে এই রুলে।
শিক্ষা সচিব, অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাদরাসাসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
বাড়তি ফি আদায়ের বিষয়টি তদন্ত করে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বেসরকারি সংস্থা ব্লাস্টের পক্ষে উপপরিচালক ফরিদা ইয়াসমিন এবং গণস্বাক্ষরতা কর্মসূচির পক্ষে নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সকালে এই রিট দায়ের করেন।
তাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আশরাফুল হাদী। সরকার পক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
আশরাফুল সাংবাদিকদের বলেন, ২০১১ সালের ১৪ ডিসেম্বর সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা করে। এই নীতির নবম ধারার ঢাকা মহানগর, অন্যান্য মহানগর এবং পৌরসভা এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ফি সুনির্দিষ্ট করে দেওয়া আছে।
“নীতিমালা না মানলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পরের ধারায়।”
তারপরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের খবর পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায় এই রিট করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভর্তি নীতিমালা লঙ্ঘন করে বাড়তি ফি আদায়ের অভিযোগে অভিভাবকরা রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে আন্দোলন শুরু করলে গত ৩ জানুয়ারি সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে। আরটিভির এক প্রতিবেদককে মারধরের অভিযোগ ওঠে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে।
ঘটনাটি তদন্তে গঠিত কমিটি রোববার প্রতিবেদন দেয়। ওই সময় শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, বেসরকারি স্কুলে ভর্তি সংক্রান্ত নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অন্য একটি কমিটি কাজ করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৫৯ ঘ.
bdnews24