২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সও কেন বাড়বে না’

মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমাও কেন অন্য কর্মচারীদের সঙ্গে একই অনুপাতে বাড়ানো হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমাও কেন অন্য কর্মচারীদের সঙ্গে একই অনুপাতে বাড়ানো হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। আইন, জন প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন রোববার এই রিট আবেদন করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন মো. মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সরকার ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করে। এরপর ২৬ ডিসেম্বর সব সরকারি কর্মচারীর অবসরের বয়সসীমাও দুই বছর বাড়িয়ে করা হয় ৫৯ বছর। মুনসুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাত্তরে স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের গৌরবজ্জ্বোল ভূমিকাকে বিবেচনায় নিয়ে আইন সংশোধন করে মুক্তিযোদ্ধাদের বয়স ৫৯ করা হয়। এরপর ২৬ ডিসেম্বর সাধারণ কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়ানো হলেও সেখানে মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়নি। যা সংশোধিত আইনের চেতনার পরিপন্থী।” এ কারণে এই রিট আবেদন করেছেন বলে জানান এই সরকারি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৭১০ ঘ.