ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃতরা হলেন- ৩৭তম ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খান মোহাম্মদ রইস, খন্দকার আশিকুল ইসলাম ও দর্শন বিভাগের ছাত্র রাশেদুল ইসলাম। তাদের এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে আশিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া ঘটনা তদন্তে প্রো- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. ফরহাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে রেজিস্ট্রার জানান।
কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. এস এম বদিয়ার রহমান, ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, ড. মো. আরজু মিয়া, প্রশাসনিক অফিসার (আইন) কবিরুল বাশার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র জুবায়েরকে রোববার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার ভোর ৫টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান আবু বকর সিদ্দিক।
জুবায়েরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ঘটনার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় আইনে সর্বোচ্চ শাস্তি বিধানের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এদিকে জুবায়ের হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে সোমবার সকাল থেকে জাবি রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।
জুবায়েরের লাশ বাড়ির পথে
ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে জুবায়েরের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মর্গের কর্মচারী রামু দাস জানান, দুপুরে জুবায়েরের লাশ তার দেশের বাড়ি পটুয়াখালীর কুয়াকাটায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কেটি/আরএ/১৭০০ ঘ.
bdnews24