২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ডাকাতের হাতে শিক্ষক খুন

দিনের বেলায় ঠাকুরগাঁও শহরে ডাকাতের হাতে খুন হয়েছেন প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক এক শিক্ষক। এসময় ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঠাকুরগাঁও, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনের বেলায় ঠাকুরগাঁও শহরে ডাকাতের হাতে খুন হয়েছেন প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক এক শিক্ষক। এসময় ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। রোববার সকালের কোনো এক সময় শহরের আশ্রমপাড়ার নিজ বাসভবনে উম্মে কুলসুমকে (৬২) শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানায় তার পরিবার ও পুলিশ। কুলসুম ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) সাবেক প্রশিক্ষক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান চৌধুরীর স্ত্রী। বদিউজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়িতে তিনি ও তার স্ত্রী থাকতেন। ঘটনার সময় তিনি আদালতে ছিলেন। কুলসুমের রোববার পেনশনের টাকা তোলার জন্য ব্যাংকে যাওয়ার কথা। সকাল সোয়া ১০টায় কুলসুমের সঙ্গে সর্বশেষ কথা হয় বদিউজ্জামানের। সাড়ে ১০টার পর থেকে ফোনে আর তাকে পাওয়া যায়নি। বদিউজ্জামান বলেন, “বার বার ফোন দিয়েও কুলসুমকে না পেয়ে দুপুর ১২টার দিকে বাড়ি চলে আসি। তিন তলায় ঢুকেই ঘরের মালপত্র তছনছ অবস্থায় দেখতে পাই ও স্ত্রীকে একপাশে পড়ে থাকতে দেখি।” তবে কী পরিমাণ টাকা ও স্বর্ণালংঙ্কার লুট হয়েছে তা জানাতে পারেননি এই আইনজীবী। অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আহমেদ ও সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, ডাকাতরা উম্মে কুলসুমকে দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান শাহীন আহমেদ। এই দম্পতির তিন মেয়ে। এক মেয়ে অস্ট্রেলিয়া, এক মেয়ে ঢাকা ও এক মেয়ে ঠাকুরগাঁও শহরে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩৭ ঘ.