ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত মেট্রোরেলের গতিপথ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে জানিয়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অডিনেশন বোর্ড (ডিটিসিবি) বলছে, আগামী মার্চেই এ প্রকল্পের জন্য ঋণচুক্তি হচ্ছে।
ডিটিসিবির নির্বাহী পরিচালক ড. এস এম সালেহউদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাপান এ প্রকল্পে ২ বিলিয়ন ডলার দেবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।”
মেট্রোরেলের স্পেশাল প্রজেক্ট অরগানাইজেশনের ব্যবস্থানা পরিচালকের দায়িত্বে থাকা ড. সালেহউদ্দিন জানান, এই রেলপথ সংসদ ভবনের পাশ দিয়েই যাবে।
“উত্তরা তৃতীয় ফেজ থেকে পল্লবী হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর, রোকেয়া সরণি, ফার্মগেট, দোয়েল চত্বর হয়ে প্রেসক্লাব থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এ রুট নির্ধারণ করা হয়েছে। এ রুটে মোট ১৫টি বিরতির স্থান থাকবে।”
অবশ্য বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এবং নগর পরিকল্পনাবিদরা বলে আসছেন, মেট্রেরেলের বর্তমান নকশার বাস্তবায়ন হলে সংসদ ভবনের মূল নকশা ক্ষতিগ্রস্ত হবে।
তবে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সাফ জানিয়ে দেন, নকশায় কোনো পরিবর্তন আনা হবে না। প্রয়োজনে উচ্চতা কমিয়ে দেওয়া হবে।
ডিটিসিবির নির্বাহী পরিচালক জানান, গতিপথ সংক্রান্ত অনুমোদন পাওয়ার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৬৪৮ ঘ.
bdnews24