মাদারীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনার পর র্যাব সদস্যরা এক বাস চালককে লাঠিপেটা করায় মাদারীপুরের সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা।
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। সকাল থেকে মাদারীপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
ধর্মঘটের খবর সংগ্রহ করতে গেলে শ্রমিকরা দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি শফিক স্বপনের মোটরসাইকেল ভাংচুর করে।
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজান হাওলাদার জানান, শনিবার শিবচরে সার্বিক পরিবহনের একটি বাসের চাপায় প্রথম শ্রেণী পড়–য়া এক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে কায়েকটি গাড়ি ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই বাসের চালক মুজাহিদ তালুকদারকে লাঠিপেটা করে পুলিশে দেয়। এর ঘটনার প্রতিবাদে শ্রমিকরা রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়।
শ্রমিক নেতারা জানান, সার্বিক পরিবহন পরিচালনা করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই যাচ্চু খান।
শনিবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের কমান্ডার শামীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলেতো আমাদের অনেক কিছুই করতে হতে পারে।”
ওই ঘটনার ‘সুষ্ঠু সমাধান’ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে মিজান হওলাদার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২০৫ ঘ.
bdnews24