ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুর বিআরটিসির বিশ্রামাগার থেকে ভারতীয় এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত রাজকুমার গুপ্ত (৪৭) ঢাকা-কলকাতা রুটের বাসচালক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজকুমার শুক্রবার রাত ১১টার দিকে কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসেন। পরে অন্য সহকর্মীরাসহ কমলাপুরের কবি জসীমউদ্দীন রোডে বিআরটিসির নির্ধারিত বিশ্রামাগারের সপ্তম তলায় ঘুমাতে যান।
সকালে সহকর্মীরা রাজকুমারের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
রাজকুমারের দেহের কোথাও জখমের চিহ্ন ছিল না জানিয়ে পুলিশ কর্মকর্তা লতিফ বলেন, “সম্ভবত ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।”
রাজকুমারের বাবার নাম জগদীশ গুপ্ত, তার বাড়ি কলকাতার ক্রিস্টোফার রোডে।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩০৫ ঘ.
bdnews24