ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম থেকেই গুছিয়ে নামলে এতদিনে অন্তত একজন যুদ্ধাপরাধীর বিচার শেষ হয়ে যেত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়নে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর স্মরণ সভায় রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, কবীর চৌধুরী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কাজ করে গেছেন। তবে তিনি এই বিচারের শেষ দেখে যেতে পারেন নাই।
“এই বিচার শুরুর পর প্রথম থেকেই গুছিয়ে সর্বশক্তি নিয়ে নামলে এতদিনে অন্তত একজন যুদ্ধাপরাধীর বিচার শেষ করা যেত।”
তিনি বলেন, এ বিচার শেষ করার জন্য উদগ্রীব হয়ে কাজ করাই হবে তার [কবীর চৌধুরী] আদর্শের শিক্ষা।
কবীর চৌধুরী স্বাধীনতার আগে পরে কখনোই দেশের কোনো সংকটে মুখ লুকাননি মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ‘৭১ এর মুক্তি সংগ্রাম এবং পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ অন্যান্য সব আন্দোলনেই তিনি সজাগ ছিলেন, দায়িত্ব পালন করে গেছেন।
হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।
আয়োজক এই সংগঠনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী গত ১৩ ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে নয়াপল্টনে নিজের বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি।
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর এই ভাই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩১৪ ঘ.
bdnews24