২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুসরণীয় এক উদ্যোক্তাকে হারালো দেশ’

স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে ব্যবসা খাত সংশ্লিষ্টরা বলেছেন, ব্যবসায়ী সমাজ একজন অগ্রগণ্য শিল্পোদ্যোক্তাকে হারালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে সরকারের মন্ত্রী ও ব্যবসা খাত সংশ্লিষ্টরা বলেছেন, ব্যবসায়ী সমাজ একজন অগ্রগণ্য শিল্পোদ্যোক্তাকে হারালো। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে বৃহস্পতিবার সকালে মারা যান স্যামসন, যার শুরুটা হয়েছিল ছোট একটি ওষুধের দোকান চালুর মধ্য দিয়ে। তার ছেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।” রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন স্যামসন। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তার অক্লান্ত চেষ্টায় ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বি¯তৃত হয় স্কয়ারের ব্যবসা ও সেবা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় অর্ধ শতাব্দী ধরে আমার সাথে তার পরিচয়। তিনি একজন আদর্শবাদী ব্যবসায়ী-শিল্পপতি। দেশের ওষুধ শিল্পের তিনি একজন দিকপাল। তিনি দেশের একজন শ্রেষ্ঠ করদাতাও। তার মৃত্যুতে দেশ একজন সফল ব্যবসায়ী-উদ্যোক্তা হারালো।” স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক এক শোকবার্তায় বলেন, “বাংলাদেশের ওষুধ শিল্পের দিকপাল এই উদ্যোক্তা দেশের মানুষের জন্য মানসম্মত আধুনিক চিকিৎসা নিশ্চিত করা এবং দেশের ওষুধ শিল্পকে আন্তর্জাতিক বাজারে সমাদৃত করতে যে ভূমিকা রেখেছেন জাতি তা চিরকাল স্মরণ করবে।” বিভিন্ন ক্ষেত্রে স্যামসন এইচ চৌধুরীর সাফল্যের কথা তুলে ধরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি ছিলেন চমৎকার একজন শিল্পোদ্যোক্তা। তার মৃত্যুতে দেশের অনেক ক্ষতি হলো।” বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির প্রতিষ্ঠাতা সভাপতি স্যামসন এইচ চৌধুরীর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে জানিয়ে এ সংগঠনের বর্তমান প্রধান সালমান বলেন, “গুরুত্বপূর্ণ নীতিগুলোর বিষয়ে একসঙ্গে অনেক লড়াই করেছি আমরা। ঔষধ নীতি করার সময় একসঙ্গে কাজ করেছি। তখন এর বিরোধিতা করেছিল বহুজাতিক কোম্পানিগুলো।” “এ নীতি ভালো হবে কি না- তা নিয়ে তখন অনেক সংশয় তৈরি হয়েছিল। পরে প্রমাণ হয়েছে এ নীতি ভালো হয়েছে”, যোগ করেন বেক্সিমকো গ্রপের ডেপুটি চেয়ারম্যান সালমান। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের ভাষায়, এ দেশে অনেক ব্যবসার ক্ষেত্রেই স্যামসন এইচ চৌধুরী ছিলেন অগ্রদূত। “আমাদের দেশে প্রথম দিকে বেসরকারি খাতের শিল্পোদ্যোক্তাদের মধ্যে অন্যতম সফল ব্যক্তি হলেন স্যামসন এইচ চৌধুরী। তার মৃত্যুতে দেশের ব্যবসায়ী সমাজ একজন অনুসরণীয় ব্যক্তিত্বকে হারালো।” ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী বলেন, এ দেশের অনেক ব্যবসায়ীর কাছেই স্যামসন এইচ চৌধুরী ছিলেন শিক্ষকতুল্য। “তিনি বিভিন্ন সময়ে পুঁজিবাজারের সঙ্গে জড়িত থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশসন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি ও ডিএসই পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার এ অবদান কখনো ভুলবো না।” দেশের আরো অনেক গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন এই উদ্যোক্তা-শিল্পপতি। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপটারের চেয়ারম্যান ছিলেন ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত। ছিলেন শাবাজপুর টি এস্টেট ও মিউচুয়াল স্ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যানও। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও। অঞ্জন চৌধুরী জানান, শুক্রবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বাবার মরদেহ দেশে আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএসজেড/এসইউ/জেকে/১৯৩০ ঘ.