চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালীতে রাইখালী খালে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কর্ণফুলী নদী সংলগ্ন রাইখালী খালে এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির পর তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ওসি জহিরুল হক সবুজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌবাহিনী ও অগ্নি নির্বাপক বাহিনীর ডুবুরিরা জানিয়েছে, নৌকাটির ভেতরে আর কারো লাশ থাকার সম্ভাবনা নেই।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডুবে যাওয়া নৌকাটি রাইখালী খালের প্রায় মাঝামাঝি জায়গায় অর্ধ নিমজ্জিত অবস্থায় কাত হয়ে আছে।
ওসি জানান, কাত হয়ে যাওয়া নৌকার তলদেশে আর কেউ আছে কিনা তা দেখা হচ্ছে।
উদ্ধার কাজ তদারককারী বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ বেগম সাংবাদিকদের বলেন, নৌকাটি কাত অবস্থা থেকে টেনে তোলার পর কারো লাশ পাওয়া না গেলে উদ্ধার কাজ শেষ ঘোষণা করা হবে।
ওসি জহিরুল জানান, রাইখালী নদীর এফএমসি করপোরেশন নামে একটি ডকইয়ার্ডের কাছে ইঞ্জিনচালিত নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকায় ৫০ জনের মতো যাত্রী ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, “দুপুরে খাল পার হওয়ার জন্য প্রায় ৫০ জন লোক ওই নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বহন এবং স্রোতের কারণে নৌকাটির ডান পাশ কাত হয়ে উল্টে যায়।”
ডুবে যাবার পর নৌকার ওপরে থাকা যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। কিন্তু নিচে থাকা অনেকেই বের হতে পারেননি।
যে পাঁচ জনের লাশ উদ্ধার হয়, তারা হলেন- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. নয়ন মিয়া (৩৫), একই জেলার পূর্বধলা থানার মো. মাসুদ (২০), নগরীর খুলশী থানার ওয়্যারলেস কলোনির বাসিন্দা মো. ইমরান (২৫), বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের আবুল কাশেম (৫০) এবং একই উপজেলার রহমত আলী (২২)।
এদের মধ্যে প্রথম চার জনের লাশ খাল থেকে উদ্ধার করা হয়। শেষজন মারা যান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর।
এছাড়া আরো দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এক জনকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের সবাই এফএমসি ডক ইয়ার্ড লিমিটেডের কর্মী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া বানৌজা নির্ভীকের কমান্ডার মাসুক সাংবাদিকদের বলেন, ডুবে যাওয়া জলযানটি মানুষ পরিবহনের জন্য মোটেও উপযুক্ত নয়। এটির কাঠামো লঞ্চ বা নৌকা কোনোটির মতো নয়।
এতে সর্বোচ্চ ২৫ জন লোক উঠতে পারার মতো সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএম/এএল/জেকে/এমআই/২৩০৮ ঘ.
bdnews24