মাগুরা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত শিশু রোমেছা পারভীন সদর উপজেলার ইছাখাদা মির্জাপুর গ্রামের দিনমজুর রশিদ মিয়া ও জোবেদা বেগমের মেয়ে।
গ্রেপ্তারকৃত মাহমুদা খাতুন দাবি করেন, শিশুটি আত্মহত্যা করেছে।
রোমেছা মাগুরা শহরের কলেজ পাড়ায় তার বাসায় প্রায় ৪ বছর ধরে গৃহকর্মীর কাজ করত বলে জানান মাহমুদা।
শিশুর মা জোবেদার করা হত্যা মামলায় পুলিশ গৌরিচরণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদাকে গ্রেপ্তার করে। হত্যা মামলা হওয়ার আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাত ৮টার দিকে থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রতিদিন রোমেজাকে ঘরের ভেতরে রেখে বাসায় তালা মেরে যেতেন।
তিনি বলেন, “প্রতিদিনের মতো বাসার বাইরের বারান্দার গ্রিলে তালা মেরে রেখে যেতাম। আজ (বুধবার) বিকাল ৫টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে ঘরে ঢুকতেই বাঁশের আড়ার সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই।”
পাড়ার লোকজন দিয়ে শিশুটিকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয় জানিয়ে গৃহকর্ত্রী বলেন, “সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রোমেছা আত্মহত্যা করেছে।”
শিক্ষিকাকে থানায় নেওয়ার আগে সদর থানার এসআই নিমাই কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুরতহালে গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে।”
“তবে এটি আত্মহত্যা কি না তা নিয়ে আমরা কনফিউজড। বিষয়টি নিয়ে আমরা কর্মকর্তারা বসবো।”
মাহমুদার প্রতিবেশী হেলেনা পারভীনসহ অন্য প্রতিবেশীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহমুদা খাতুন প্রায়ই বাচ্চাটিকে মারধর করতেন।
তারা জানান, স্কুলে যাওয়ার সময় রোমেছাকে ঘরের বারান্দার গেটে তালা মেরে আটকে রেখে যেতেন মাহমুদা। বাইরে কারো সঙ্গে তাকে খেলাধুলা করতে দিতেন না।
গৃহকর্ত্রী মাহমুদা এই অভিযোগ অস্বীকার করে বলেন, “তার প্রতি কোনো অবিচার করা হয়নি। কেন সে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছি না।“
মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা খাতুন কলেজ পাড়ার আবু রেজা নান্টুর টিনের বাড়িতে প্রায় ৪ বছর ধরে দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন। তার স্বামী ঢাকায় চাকরি করেন।
রশিদ মিয়া অত্যন্ত গরীব হওয়ার কারণে বাসায় কাজ করার জন্যে তার মেয়েটিকে দেন।”
বাড়ির মালিক নান্টু রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাচ্চারা দুপুরের পরপর রোমেছাকে বারান্দায় ঘুরতে দেখেছে। নিচে খেলার সময় শিক্ষিকার ঘর থেকে টিভির আওয়াজও পেয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০২৯ ঘ.
bdnews24