সিরাজগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু সেতুর চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ও বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান জিএসআইসি- ইউডিসি-এসইএল (জেভি) একটি নোটিশে এই সিদ্ধান্ত জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতুর টোল অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার সিফাত কাদের সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
চাকরি হারিয়েছেন শিফট ইনচার্জ আরাফত হোসেন ও জোবায়ের হোসেন এবং টোল আদায়কারী মো. এনামুল কবির ও রাজিব।
বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণাকারী নিয়োজিত প্রকৌশলী ওয়াহেদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে ওই চার কর্মকর্তা টোল প্লাজায় আর্থিক অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। কর্তৃপক্ষ গত ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায়।
তিনি বলেন, ২ জানুয়ারি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অভিযুক্ত এই চার জনকে চাকুরিচ্যুত করে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়। এ পরিপ্রেক্ষিতে তাদের চাকুরিচ্যুত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৪ ঘ.
bdnews24