২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে উপজেলার কুট্টাপাড়া গ্রামের দর্জিপাড়া ও পাণ্ডববাড়ীর দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রিপন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হন। রিপন পাণ্ডববাড়ীর ঈমান উদ্দিনের ছেলে। তিনি বাস চালক ছিলেন। দর্জিপাড়া গ্রামের মফিজ মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে দর্জিপাড়ার রায়হানের মাইক্রোবাসের ধাক্কা লাগে। পরে রায়হান বিশ্বরোড মোড়ে এসে ওই বাসটিকে আটক করে চালককে মারধর করেন। এ সময় দর্জিপাড়ার সাচ্চু মিয়ার সঙ্গে পাণ্ডববাড়ীর রিপনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কুট্টাপাড়া গ্রামের সালেক মিয়া জানান, সকাল সাড়ে ৯টা থেকে সংঘর্ষ প্রায় তিনঘণ্টা চলে। উভয়পক্ষের কয়েকশ’ নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের টেটার আঘাতে রিপন নিহত হয়। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, পুলিশ প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আহতদের সরাইল স্বাস্থ্যকমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৩১ ঘ.