২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষকের পিটুনিতে’ হাড় ভেঙেছে ছাত্রের

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে এক এসএসসি পরীক্ষার্থীর হাড় ভেঙে গেছে বলে তার স্বজনরা দাবি করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 06:07 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঝালকাঠী, ০৩ জানুয়ারি ( বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে এক এসএসসি পরীক্ষার্থীর হাড় ভেঙে গেছে বলে তার স্বজনরা দাবি করছেন। এ কারণে তার আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ল। আহত সাইফুল ইসলাম রাজাপুরের শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। মোল্লারহাট গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে সে। সাইফুলের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ ডিসেম্বর তাদের বিদ্যালয়ের প্রধানশিক্ষক জিল্লুর রহমান জলিল স্কুল চলাকালে একটি তুচ্ছ ঘটনা নিয়ে বেত্রাঘাত করলে তার ছেলের কাঁধের একটি হাড় ভেঙে যায়। বরিশালের পলি ক্লিনিকের ডা. মো. আনোয়ার হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুলর অপারেশন প্রয়োজন। অপারেশন করার পর দেড়/দুই মাস বিশ্রামে থাকতে হবে। সে এখন ডা. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে রয়েছে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান শিক্ষককে ডাকা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত প্রধানশিক্ষক জিল্লুর রহমান জলিলকে ফোনে পাওয়া যায়নি। শিক্ষার্থীকে পেটালে শিক্ষকের শাস্তির বিধান রেখে স¤প্রতি দেশে একটি আইন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩১ ঘ.