ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো একটি উপজেলা এবং তিনটি থানা (পুলিশ স্টেশন) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
নতুন উপজেলাটি হবে বরগুনায় এবং নতুন তিনটি থানা হবে ময়মনসিংহ ও ভোলায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলা বরগুনার আমতলীকে বিভক্ত করে সাতটি ইউনিয়ন নিয়ে ‘তালতলী’ নামে নতুন উপজেলা করা হবে। এ উপজেলার আয়তন হবে ২৫৮ দশমিক ৯৪ বর্গকিলোমিটার।
এ ছাড়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ‘পাগলা’ তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা হবে। অন্য দুটি থানা হবে ভোলা জেলার চরফ্যাশনে। ওই থানা দুটির নাম হবে ‘দক্ষিণ আইচা’ এবং ‘শশীভূষণ’।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সংসদে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা ৪৮২টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০২৫ ঘ.
bdnews24