২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখিলকে দ্রুত বিদেশ পাঠানোর সুপারিশ

সরকারি তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করে প্রতিবেদন দিয়েছে। কমিটি নিখিল ভদ্রের কৃত্রিম পা সংযোজনের সুপারিশও করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক নিখিল ভদ্রের পা হারানোর জন্য বাসচালককে দায়ী করে প্রতিবেদন দিয়েছে সরকারি তদন্ত কমিটি। তদন্ত কমিটির নয়টি সুপারিশে নিখিল ভদ্রকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানো এবং কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া তার স্ত্রীর যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার সুপারিশও করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি সোমবার তাদের প্রতিবেদন দেয়। কমিটি গঠনের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা থাকলেও তা তিন কার্যদিবসে জমা হলো। গত বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির একটি বাসের ধাক্কায় আহত হন কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল। তার ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত কমিটির আহ্বায়ক সড়ক বিভাগের যুগ্মসচিব মঈনউদ্দিন বিকালে তদন্ত প্রতিবেদন যোগাযোগ সচিব এম এ এন ছিদ্দিকের কাছে হস্তান্তর করেন। মঈনউদ্দিন সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনার জন্য বাসচালক দায়ী ছিলো বলে তদন্তে বেরিয়ে এসেছে। তদন্ত কমিটি নয়টি সুপারিশ করেছে জানিয়ে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বিআরটিসি’র বাস নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৪৬৩৭ এর চালক সোহেল রানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দ্রুত নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া সুপারিশে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কের উভয় পাশে গতিনিয়ন্ত্রক (স্পিড ব্রেকার) দ্রুত স্থাপন, নির্মাণাধীন ফুট ওভার ব্রিজ দ্রুত করা এবং তা সচিবালয় লিংক রোড পর্যন্ত সংযুক্ত করা, ওভারব্রিজ নির্মাণের পর রাস্তার মাঝের রোড ডিভাইডার উঁচু করা এবং দুইপাশের ফুটপাতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ইত্যাদি। চালকদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণীর বিধান সংযোজন এবং সড়ক দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালকের শাস্তি ৩ বছরের স্থলে ১০ বছর করার সুপারিশ করেছে এই তদন্ত কমিটি। এছাড়া গাড়িচালক নিয়োগদানের ক্ষেত্রে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্সের সঠিকতা যাচাই বাধ্যতামূলক করতেও তদন্ত কমিটি সুপারিশ করেছে। নিখিল দুর্ঘটনায় আহত হওয়ার পর জাতীয় প্রেসক্লাবের সামনের তোপখানা রোড বুধবার পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে সাংবাদিকরা। এরপর যোগাযোগ মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এতে সাংবাদিক প্রতিনিধি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। অন্য সদস্যরা হলেন- বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) এস এম ফয়সাল আলম, বিআরটিএ পরিচালক (প্রশাসন) তপন কুমার সরকার এবং ঢাকা দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জায়েদুল আলম। কমিটি গঠনের পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশি¬ষ্ট বাসের চালকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯০০ ঘ.