ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুই হাজার পাঁচশ দুই বোতল ফেন্সিডিলসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- তৌফিক এলাহী ওরফে মিল্টন (৪০), মো. খোকন চৌধুরী ওরফে ডিআইজি খোকন (৪৫), ফারুক মিয়া (৩২), মো. আব্দুস সালাম (৩০) ও ফারাজ মোল্লা (২৪)।
রোববার রাত সোয়া ১১টার দিকে গাবতলী ব্রিজের কাছে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার এড়ানোর জন্য মিল্টন বিভিন্ন সময়ে নিজেকে উত্তর অঞ্চলের এক সাংসদের ভাগ্নে এবং একজন নৌ কর্মকর্তার ভাই হিসেবে পরিচয় দিতেন। আর খোকন নিজেকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দিতেন।
তারা একটি ট্রাকে করে কপির বস্তায় ১৫টি বস্তায় এবং টমেটোর ১১টি ঝুড়ির মধ্যে ফেন্সিডিলগুলো ভরে দিনাজপুর থেকে ঢাকা আনছিলো।
মশিউর বলেন, “আব্দুস সালাম জিজ্ঞাসাবাদে প্রথমে নিজেকে ফরিদপুর মসজিদের ইমাম বলে পরিচয় দেন এবং পরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন।”
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৮৫৮ ঘ.
bdnews24