২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদের গুলি নিচে পড়ে বিস্ফোরিত

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসার ছাদে শুকাতে দেওয়া গুলি নিচে ফুটপাতে পড়ে বিস্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসার ছাদে শুকাতে দেওয়া গুলি নিচে ফুটপাতে পড়ে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে এসএস খালেদ সড়কে বেসরকারি আবাসন শিল্প প্রতিষ্ঠান সিপিডিএলের কার্যালয় ভবনের সাত তলার ছাদে রোদে শুকাতে দেওয়া গুলি নিচের ফুটপাতে ছিটকে পড়ে বিস্ফোরিত হয়। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই ভবনের সপ্তম তলায় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আলম থাকেন। তার (আলম) লাইসেন্স করা একটি রাইফেল, একটি রিভলবার ও একটি বন্দুক রয়েছে। “দীর্ঘদিন ফেলে রাখায় এসব আগ্নেয়াস্ত্রের গুলি অকেজো হয়ে যেতে পারে- এ আশঙ্কায় আলম ছাদে একটি চেয়ারের ওপর গুলিগুলো রোদে শুকাতে দেন। বাড়ির গৃহপরিচারিকা কাপড় শুকাতে দিতে এলে ধাক্কা লেগে ৮-১০টি গুলি নিচে ফুটপাতে ছিটকে পড়ে।” অনেক ওপর থেকে পড়ায় এবং রোদে উতপ্ত হওয়ার কারণে বিকট শব্দে কিছু গুলি বিস্ফোরিত হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/২১৪৯ ঘ.