২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলুমে আন্দোলন দমবে না: মকবুল

আওয়ামী লীগ 'জুলুম' চালাচ্ছে দাবি করে জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমীর বলেছেন, এভাবে আন্দোলন দমানো যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ 'জুলুম' চালাচ্ছে দাবি করে জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমীর বলেছেন, এভাবে আন্দোলন দমানো যাবে না। মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপির জনসভায় ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ বলেন, "আওয়ামী লীগের জুলুম নির্যাতনে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তারা জেল জুলুম দিয়ে বর্তমান আন্দোলনকে দমাতে পারবে না। আমরা শান্তি চাই। "দয়া করে সরকারকে বলব, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে জনতা স্রোতে আপনারা রক্ষা পাবেন না।" জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খালেদা জিয়া। মকবুল অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছাত্র শিবিরের শাšিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়ে 'ঘটনা' ঘটিয়েছে। "ওই মিছিলে হামলা করলো পুলিশ, টিয়ারগ্যাস ছুড়লো। আমাদের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে। আর আমাদের বানানো হয়েছে জঙ্গি সন্ত্রাসী।" ওইদিন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ পুলিশ আহত হয়। এসময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করা হয়। ভারতীয় শিল্পী 'নর্তকী' এনে দেশের যুব সমাজকে বিনষ্ট করা হচ্ছে বলে অভিযোগও করেন তিনি। "অধ্যাপক ইউনূস শান্তির জন্য নোবেল বিজয়ী হয়েছেন," উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রশ্ন করেন, "আর আমাদের দেশে অশান্তির জন্য কে নোবেল বিজয়ী হবেন।" এ সময় সমাবেশে উপস্থিত জনতা 'হাসিনা' বলে চিৎকার করেন। খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক বলেন, "আমাদের দেশে প্রবাদ আছে- হাজার ইদুর মেরে এখন উনি হজে যাচ্ছেন। দেশের মানুষকে লাঠিপেটা করে, হত্যা গুম করে আমাদের প্রধানমন্ত্রী শান্তির মডেল দিয়ে বেড়াচ্ছেন।" কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম বলেন, "আমরা সবাই মিলে দেশনেত্রীর নেতৃত্বে এগিয়ে যাব। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন আমরা মানব না।" বিএনপি ছেড়ে যাওয়া কর্নেল (অব.) অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান আহমেদ খালেদাকে উদ্দেশ করে বলেন, "দেশের অবস্থা ভালো নয়। দেশকে উদ্ধারে অতীতেও আপনি এগিয়ে এসেছেন। আমরা আশা করব, আপনার নেতৃত্বে এই সরকারের পতন হবে।" বিকল্পধারা বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলেন, "আমরা আশা করছি- দেশনেত্রী খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জাতীয়তবাদী সরকার গঠন করবেন।" বিকল্পধারাও তৈরি হয়েছে বিএনপি ছেড়ে যাওয়া শীর্ষ এক নেতার হাতে। বিএনপি ছেড়ে ২০০২ সালে দলটি গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা প্রমুখ বক্তব্য দেন। জনসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, মহানগর সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জামায়াতের সম্পাদক হামিদুর রহমান আজাদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন আহমেদ টুকু, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফখরুদ্দীন মানিক প্রমুখও বক্তব্য দেন। মহাসমাবেশ পরিচালনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহানগরের সদস্য সচিব আবদুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৬ ঘ.