চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা পারকি বিচে কর্ণফুলী নদীর মোহনায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কর্তৃপক্ষের খনন বন্ধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) উদ্যোগ নিতে বলেছে পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক (প্রশাসন) জমির উদ্দিন স্বাক্ষরিত এক চিঠি মঙ্গলবার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়।
জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড পরিবেশ ছাড়পত্র ছাড়াই আনোয়ারা উপজেলার পারকি বিচ এলাকার কর্ণফুলী নদীর মোহনায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।"
বন্দর কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে বলা হয়, "এতে করে পারকি বিচ এলাকার ১৯২ একর জমি প্রায় ২ থেকে ৩ ফুট পরিমাণ দেবে গেছে।"
পরিবেশ কর্মকর্তা জমির বলেন, "নদী ও নদীর তীর থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে উপকূলে সরকারিভাবে বনায়নকৃত গাছও দেবে গেছে।"
"এ জন্য বসুন্ধরা ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্স কর্তৃক ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।"
এছাড়া পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বালু উত্তোলনের ফলে পার্কি বিচ এলাকার পরিবেশ বিপর্যয় রোধের জন্য বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পারকি বিচ সংলগ্ন নিচু জমি ভরাট করতে ২০০৯ সালে বন্দর কর্তৃপক্ষের অনুমতি নেয় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এতে পাঁচ লাখ ঘনফুট বালু তোলার অনুমতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪৪ ঘ.
bdnews24